ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৯৪ জনে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে বরিশাল বিভাগের একজন এবং ঢাকা বিভাগের একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ২১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২, ঢাকা উত্তর সিটিতে ২৩, ঢাকা দক্ষিণ সিটিতে ২১, খুলনা বিভাগে ২২, রাজশাহী বিভাগে ৩, ময়মনসিংহে ৭ এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক লাখ ১৯৪ জনের মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। একই সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া ৫৬৩ জনের মধ্যে ৫১ দশমিক ৯ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ১ শতাংশ পুরুষ।





